ইন্ডিয়া টুডের প্রতিবেদনের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রতিবাদ

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রকাশিত একটি মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী এ প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী লক্ষ্য করেছে যে ইন্ডিয়া টুডে আবারও একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিকৃত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। প্রতিবেদনটি সেনাবাহিনীর একটি নিয়মিত বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে প্রকাশ করা হয়েছে, যার শিরোনাম ছিল— ‘বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে’।

সেনাবাহিনী এই প্রতিবেদনের নিন্দা জানিয়ে বলেছে, এটি সাংবাদিকতার নৈতিকতার চরম লঙ্ঘন এবং একসময়ে সম্মানজনক সংবাদমাধ্যমের বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের দৃষ্টান্ত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিবেদনটি নির্ভরযোগ্য উৎস বা কোনো প্রমাণ ছাড়া সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য ছড়ানোর আরেকটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে। তথাকথিত ‘অভ্যুত্থানের আশঙ্কা’ একেবারেই প্রতারণামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইন্ডিয়া টুডে বারবার কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই সংবেদনশীল খবর প্রকাশ করছে, যা সাংবাদিকতার নৈতিকতা ও সত্যনিষ্ঠতার পরিপন্থী। এটি প্রথমবার নয়, অতীতেও ইন্ডিয়া টুডে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। গত ১১ মার্চ সেনাবাহিনী এক বিবৃতি দিয়ে এমনই একটি অসত্য প্রতিবেদন খণ্ডন করেছিল। কিন্তু তবুও এ ধরনের মিথ্যা প্রতিবেদন প্রকাশ অব্যাহত থাকায় এটি ইন্ডিয়া টুডের সম্পাদনা নীতির ব্যাপারে গুরুতর উদ্বেগ সৃষ্টি করছে। সংবাদ পরিবেশনের পরিবর্তে তারা এখন চাঞ্চল্য সৃষ্টির লক্ষ্যে মিথ্যা তথ্য প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক।

বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে আরও জানায় যে তারা জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং গণতন্ত্র ও শান্তির নীতিগুলো দৃঢ়ভাবে অনুসরণ করে যাবে। সেনাবাহিনী ইন্ডিয়া টুডেসহ সব গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার আহ্বান জানায় এবং অনুরোধ করে, তারা যেন ভিত্তিহীন ও ক্ষতিকর তথ্য প্রচার থেকে বিরত থাকে। কারণ, এ ধরনের প্রতিবেদন শুধু দুই দেশের জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভক্তি ও অবিশ্বাস সৃষ্টি করে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।