আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: 16শে ভাদ্র ১৪৩২ | ৩১ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে পিছু হটেছেন। তিনি আইনপ্রণেতাদের জন্য বাড়ানো সুযোগ-সুবিধা কমানোর ঘোষণা দিয়েছেন। এই খবর জানিয়েছে আল জাজিরা।
সংসদ সদস্যদের ভাতা বৃদ্ধি নিয়ে অসন্তোষ থেকে গত সপ্তাহে জাকার্তায় শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত দেশের অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ প্রথম থেকেই বিক্ষোভকারীদের ওপর কঠোর দমনপীড়ন চালায়।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাকার্তায় পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের ওপর গাড়ি উঠিয়ে দিলে একজন তরুণ নিহত ও অর্ধশতাধিক আহত হন। পরের দিন শুক্রবার (২৯ আগস্ট) দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে প্রাদেশিক সংসদ ভবনে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়, যাতে তিনজন নিহত হন। এই ঘটনায় পরিস্থিতি আরও খারাপ হয়।
এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট প্রাবোয়ো চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেন। তার মুখপাত্র রবিবার (৩১ আগস্ট) এটি নিশ্চিত করেন।
এরপরই প্রেসিডেন্ট প্রাবোয়ো আইনপ্রণেতাদের সুযোগ-সুবিধা কমানোর ঘোষণা দেন। রবিবার জাকার্তায় প্রেসিডেন্ট প্রাসাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংসদের নেতারা সংসদ সদস্যদের ভাতা ও বিদেশ ভ্রমণ স্থগিতাদেশের মতো কয়েকটি নীতি প্রত্যাহার করবেন।
বিক্ষোভ প্রসঙ্গে প্রাবোয়ো বলেন, বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়া উচিত। তিনি সেনাবাহিনী ও পুলিশকে দাঙ্গাবাজ ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করা উচিত, তবে রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাসবাদের লক্ষণ দেখা যাচ্ছে।
সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ইন্দোনেশিয়ার ৫৮০ জন সংসদ সদস্য গত বছরের সেপ্টেম্বর থেকে প্রতি মাসে প্রায় ৫০ মিলিয়ন রুপিয়াহ (প্রায় ৩ হাজার ৭৫ মার্কিন ডলার) আবাসন ভাতা পাচ্ছেন। এটি দরিদ্র অঞ্চলে প্রচলিত ন্যূনতম মজুরির প্রায় ২০ গুণ বেশি। বেশিরভাগ নাগরিকের অর্থনৈতিক সংকটের মধ্যে শিক্ষার্থীরা এই বিপুল ভাতা অন্যায্য বলে মনে করছে, যা তাদের প্রতিবাদের মূল কারণ।
‘গেজায়ান মেমাঙ্গগিল’ নামের একটি সংগঠন জানিয়েছে, সংসদ সদস্যদের বেতন কমানো এবং সরকারের দুর্নীতিবাজ অভিজাত ও সামরিক-কর্পোরেটপন্থী নীতির বিরুদ্ধে আন্দোলনই এই বিক্ষোভের প্রধান লক্ষ্য।
খবরওয়ালা/টিএসএন