ইয়াবা-আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে ফাঁড়িতে হামলা, গ্রেপ্তার ৩

গাজীপুরে মাদকসহ আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানা ও রেলওয়ে পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আহত এক পুলিশ সদস্যের করা অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি মামলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুভ (২০), ছানোয়ার হোসেন হৃদয় (২৩) ও ইয়াসিন (২৬)। পুলিশ জানিয়েছে, ফাঁড়িতে হামলা এবং মাদকসহ দুই ব্যক্তিকে আটকের ঘটনায় পৃথকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, হামলার ঘটনায় একটি এবং মাদকসহ দুই ব্যক্তিকে আটকের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। আহত পুলিশ সদস্য এটিএসআই নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা দুটি করেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, মাদকসহ আটক আনিছ (১৮) ও শিমলা আক্তারকে (২২) হামলা ও মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানা-পুলিশ তাঁদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে তাঁদের ঢাকার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আনিছ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হারেছ মিয়ার ছেলে। শিমলা আক্তার গাজীপুর সদর থানার ২৯ নম্বর ওয়ার্ডের চা-বাগান বাঁশতলা এলাকার সেলিম মিয়ার মেয়ে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ আনিছ ও শিমলাকে আটক করে রেলওয়ে পুলিশ। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি কার্যক্রমের জন্য পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

দুজনকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর ২৫ থেকে ৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাঁদের বাধা দিতে গেলে পুলিশ সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন।

পরে আহত দুই পুলিশ সদস্যকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পরপরই গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানা ও রেলওয়ে পুলিশ যৌথ অভিযান শুরু করে। ওই রাতেই অভিযানে শুভ, ছানোয়ার হোসেন হৃদয় ও ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলার পাশাপাশি মাদক উদ্ধারের ঘটনাটিও পৃথকভাবে তদন্ত করা হচ্ছে। আটক দুই ব্যক্তি এবং হামলার ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।