ইয়েমেনের বিদ্রোহী হুথি সরকারের ১২ মন্ত্রী নিহতের শঙ্কা

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের বিমান হামলায় হুথি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের স্থানীয় সংবাদমাধ্যম। বৃহস্পতিবার (২৮ আগস্ট) চালানো এ হামলায় মন্ত্রিসভার আরও সদস্যদের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানায়, হামলায় প্রধানমন্ত্রী ছাড়াও অন্তত ১২ জন মন্ত্রী নিহত হয়ে থাকতে পারেন বলে সেনাবাহিনীর ধারণা। তবে এ তথ্যের পূর্ণাঙ্গ নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। কোন কোন মন্ত্রী নিহত হয়েছেন, তা নিরূপণের চেষ্টা চলছে।

ইয়েমেনের সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া ও আদেন আল-ঘাদ প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর প্রকাশ করেছে। তবে হামলায় নিহত তার সহযোগীদের নাম প্রকাশ করেনি তারা।

ইসরায়েলি সেনা সূত্রের দাবি, তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে হুথি সরকারের মন্ত্রীরা একটি বৈঠকে মিলিত হবেন। এ তথ্যের ভিত্তিতে সানায় দুই স্থানে হামলা চালানো হয়। চ্যানেল-১২ জানায়, হামলার একটিতে অন্তত ১০ জন মন্ত্রী একত্রিত ছিলেন, যারা হুথিদের প্রধান নেতার বক্তব্য শোনার জন্য জড়ো হয়েছিলেন।

হামলার সময় হুতি সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রীও বৈঠকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে ধারণা করছে ইসরায়েলি সেনারা। ইয়েনেত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হামলাটি সফল হয়েছে এবং লক্ষ্যবস্তুতে থাকা কর্মকর্তা ও মন্ত্রীরা সবাই নিহত হয়েছেন বলে ইসরায়েলি পর্যবেক্ষণ থেকে মনে করা হচ্ছে।

হুথি সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা একই স্থানে ছিলেন, নাকি আলাদা জায়গায়—এ বিষয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন এবং কারা নিহত হয়েছেন তা নিশ্চিত হতে আরও সময় লাগবে।

 

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।