ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইসরায়েলের হামলা: আইএইএ

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৮ জুন) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, তেহরান রিসার্চ সেন্টার এবং কারাজের টিইএসএ (ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানি) কেন্দ্রে হামলা হয়েছে। খবর বিবিসি ও আল-জাজিরা।

আইএইএর তথ্য অনুযায়ী, তেহরান রিসার্চ সেন্টারের একটি ভবনে উন্নতমানের সেন্ট্রিফিউজ রটরস উৎপাদন ও পরীক্ষার কাজ হতো। আর কারাজে অবস্থিত টিইএসএ-তে সেন্ট্রিফিউজ তৈরির বিভিন্ন উপাদান প্রস্তুত করা হতো। উভয় কেন্দ্রই পূর্বে পরমাণু চুক্তির আওতায় আইএইএর পর্যবেক্ষণে ছিল।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে, ৫০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে তারা ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল সেন্ট্রিফিউজ কেন্দ্রসহ বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্র।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচিতে আঘাত হানার লক্ষ্যে ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে এই হামলা চালানো হয়।

উল্লেখ্য, সেন্ট্রিফিউজ ব্যবস্থাপনা ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হয়, যা বিদ্যুৎ উৎপাদন ছাড়াও পারমাণবিক অস্ত্র তৈরির জন্যও ব্যবহারযোগ্য। ইসরায়েল ও কিছু পশ্চিমা দেশ সন্দেহ করে, ইরান গোপনে ‘ব্রেকআউট সক্ষমতা’ অর্জনের চেষ্টা করছে— অর্থাৎ স্বল্প সময়ে পারমাণবিক অস্ত্র প্রস্তুত ও মোতায়েনের সক্ষমতা।

তবে ইরান সবসময় দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত। ইসরায়েলি হামলার বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

খবরওয়ালা/আরডি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।