খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ মে ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভবনের সামনে বিক্ষোভে উত্তাল নগর ভবন এলাকা। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুসারে বিএনপির নেতা ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তরের আলটিমেটাম দিয়েছেন।
বুধবার (১৪ মে) সকাল থেকে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিকবৃন্দ’ ব্যানারে বিক্ষোভ শুরু হয়। অংশগ্রহণকারীরা ‘আদালতের রায় বাস্তবায়নে অবিলম্বে শপথ চাই’, ‘শপথ পাঠে গড়িমসি, মানি না মানব না’ সহ নানা স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীরা সরকারের উদ্দেশে প্রশ্ন তোলেন, ‘আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র, তবে কেন তাঁকে এখনও শপথ করানো হয়নি?’ তাঁদের দাবি, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, মশামুক্ত ও দুর্নীতিমুক্ত ঢাকা গড়তে ইশরাক হোসেনের মতো একজন জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।
বিক্ষোভকারীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইশরাক হোসেনের শপথ বাস্তবায়ন করে তাঁকে মেয়র পদে বসাতে হবে। আদালতের রায় বাস্তবায়ন হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
এসময় অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান বলেন, ‘ইশরাকের শপথ নিয়ে সরকার টালবাহানা করছে। আদালতের স্পষ্ট রায় ও নির্বাচন কমিশনের গেজেটের পরও তাঁকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া আদালত অবমাননার শামিল।’
তিনি আরও ঘোষণা দেন, ‘আগামীকাল বৃহস্পতিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে, যতক্ষণ না ইশরাকের শপথ সম্পন্ন হয়।’
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটে পরাজিত করেন। কিন্তু চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে।
খবরওয়ালা/আরডি