ইশরাককে শপথ পড়ানো নিয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়: নির্বাচন কমিশনার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৪ জুন) নির্বাচন ভবনে কমিশনের ষষ্ঠ সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ডিএসসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ আমরা বিশদভাবে পর্যালোচনা করেছি। রেফারেন্সগুলোও খতিয়ে দেখা হয়েছে। আমাদের মত হলো—গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ হয়েছে। এখন শপথ গ্রহণের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তসাপেক্ষ।’

এর আগে নির্বাচন কমিশন জানায়, আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। ওই নির্দেশনার কপি হাতে পাওয়ার পরই কমিশনের পক্ষ থেকে আজকের মন্তব্য এল।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন ইশরাক হোসেন। পরে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে একই বছরের ৩ মার্চ ট্রাইব্যুনালে মামলা করেন তিনি।

এর ধারাবাহিকতায় চলতি বছরের ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। তবে এখনো তাঁকে শপথ পাঠ করানো হয়নি।

নানামুখী কারণ ও আইনি জটিলতার কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।