ইসরাইলি বিমানবন্দর ও মার্কিন রণতরীতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলের গাজায় চলমান আগ্রাসন এবং মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবার তাদের লক্ষ্যবস্তু হয়েছে ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দর এবং মার্কিন রণতরী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে ইয়েমেনি বাহিনী।

সোমবার (২৪ মার্চ) রাতে এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দখলকৃত ইয়াফা অঞ্চলের বেনগুরিয়ন বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ছিল ‘জুলফিকার’ এবং সুপারসনিক ‘প্যালেস্টাইন-২’।

তিনি আরও বলেন, ‘গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধ নিতে এবং সংহতি প্রকাশের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।’

ব্রিগেডিয়ার জেনারেল সারি জানান, লোহিত সাগরে অবস্থান করা মার্কিন রণতরী ‘হ্যারি এস ট্রুম্যান’ এবং তার সঙ্গে থাকা কয়েকটি যুদ্ধজাহাজের ওপর একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এটি ২৪ ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধজাহাজের ওপর দ্বিতীয় দফা হামলা বলে তিনি দাবি করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ইসরাইলের বিরুদ্ধে সামুদ্রিক অভিযান অব্যাহত রাখবে এবং ইসরাইলি ভূখণ্ডে হামলাও চালিয়ে যাবে, যতক্ষণ না গাজার অবরোধ তুলে নেওয়া হয় এবং হামলা বন্ধ হয়।’

ইয়েমেনি সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, সোমবার মার্কিন যুদ্ধবিমান ইয়েমেনের সা’দা প্রদেশের আল-রাসুল আল-আজম অনকোলজি হাসপাতালে দুটি বিমান হামলা চালিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এই হাসপাতালে এটি ছিল ১৩তম হামলা। এর আগে, গত ১৫ মার্চ মার্কিন বিমান হামলায় ৫৩ জন ইয়েমেনি নিহত হন।

ইয়েমেনের ক্যানসার কন্ট্রোল ফান্ড এই হামলাকে ‘অমানবিক যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে এবং জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও রেড ক্রসকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
মার্কিন পদক্ষেপ ও সতর্কবার্তা

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইয়েমেনে ‘অবিরত সামরিক অভিযান’ পরিচালনা করছে। পাশাপাশি, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার মুখে দ্বিতীয় রণতরী ‘ইউএসএস কার্ল ভিনসন’ মধ্যপ্রাচ্যে মোতায়েন করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন।

এদিকে, ইয়েমেনি বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন ও ইসরাইলি আগ্রাসন চলতে থাকলে তারা আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে।

 

খবরওয়ালা/এমবি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।