খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক গতকাল বুধবার সকালে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়। একই সঙ্গে মুছে দেওয়া হয় আওয়ামী লীগের নিবন্ধন পাওয়ার তারিখ ও প্রতীকের নামও। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরানো হয় বলে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক নিশ্চিত করেন। তবে রাতে প্রতীকসহ অন্য তথ্যগুলো ওয়েবসাইটে দেখা গেছে।
বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের অনানুষ্ঠানিক বৈঠকের পর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘প্রতীকের তপশিলে নৌকা থাকলেও বিভ্রান্তি এড়াতে সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম ওয়েবসাইট থেকে নৌকা সরিয়ে রাখা হয়েছে। প্রতীকটি নির্বাচন পরিচালনা বিধিমালার তপশিলে সংরক্ষিত থাকবে। তবে এটি আর কেউ ব্যবহার করতে পারবে না।’
তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। ইসি মনে করেছে, এটি সরিয়ে রাখা ভালো। ইসি সচিব বলেন, জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লাসহ নিবন্ধন ফেরত দেওয়ার যে প্রজ্ঞাপন হয়েছে, এর আলোকে তাদের নাম ও প্রতীক ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, শাপলা প্রতীক এখনও তপশিলে অন্তর্ভুক্ত করা হয়নি।
খবরওয়ালা/এমএজেড