ঈদে লঞ্চে বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: নৌপরিবহন উপদেষ্টা

ঈদের সময় সদরঘাটে সিরিয়াল ভাঙা এবং লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এছাড়া, নির্ধারিত গতির বেশি গতিতে লঞ্চ চালানো যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, ঈদ উপলক্ষে আগামী ১৫ রমজান থেকে রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা উন্মুক্ত রাখতে হবে। কোথাও অযথা বাস থামানো যাবে না। গোলাপশাহ মাজারের আশপাশে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, তাই সতর্ক থাকতে হবে।

যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি লঞ্চে একজন কমান্ডার ও তিনজন আনসার সদস্য থাকবে। তিনি বলেন, “লঞ্চের সিরিয়াল ভাঙা যাবে না। অনিয়ম করলে, প্রয়োজন হলে লঞ্চের লাইসেন্স বাতিল করা হবে।” এছাড়া, ভাড়ার চার্ট আজ থেকেই লঞ্চে টাঙিয়ে রাখতে হবে এবং নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। অতিরিক্ত ভাড়া নেওয়া হলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে।

উপদেষ্টা আরও জানান, কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। এই বিষয়টি কঠোরভাবে তদারকি করতে নৌ পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে অহেতুক লঞ্চে তল্লাশি করা যাবে না।

তিনি বলেন, “১৫ রমজান থেকে স্পিডবোট এবং বাল্কহেড চলবে না। লঞ্চের ফিটনেস থাকতে হবে, এবং যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

সাখাওয়াত হোসেন আরও বলেন, “জনগণের দুর্দশা যাতে না হয়, সেটা নিশ্চিত করতে হবে। আমি নিজে বিষয়টি তদারকি করব এবং সদরঘাটে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করব।”

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।