খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
দেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে উত্তর বঙ্গোপসাগর। এ অবস্থায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর মেঘমালা তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এতে করে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সতর্কতা জারি থাকবে এবং প্রয়োজনে পরবর্তী সতর্কবার্তা দেওয়া হবে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের প্রস্তুত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
খবরওয়ালা/আরডি