খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 22শে আশ্বিন ১৪৩২ | ৭ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করা তিনজনকে শনাক্ত ও আটক করেছে।
তাদের মধ্যে দুজন প্রক্সি পরীক্ষার্থী এবং একজন প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেছিলেন। সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার অনুষ্ঠিত উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ও শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রকৃত পরীক্ষার্থী রাশেদ আলম রায়হান (রেজি. নং–০০২১৮৮)-এর পরিবর্তে পরীক্ষা দিতে আসেন বগুড়ার সিদ্ধান্ত সরকার।
অন্যদিকে, শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে প্রকৃত পরীক্ষার্থী নৃপেন বিশ্বাস (রেজি. নং–০০৩০২০)-এর বদলে অংশ নেন গোপালগঞ্জের দিপংকর বালা।
এ ছাড়া একই কেন্দ্রে পরীক্ষার্থী কিশোর বাড়ৈ (রেজি. নং–০০০৪৯৪) মোবাইলে প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করলে তাকেও আটক করা হয়।
পিএসসি জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
খবরওয়ালা/আশ