খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ই জুলাই ২০২৫, ১০:২৪ এএম
কুড়িগ্রামের উলিপুরে একটি মসজিদে প্রবেশের মুহূর্তে ছাদের কার্নিশ (রেলিং) ভেঙে পড়ে আব্দুল মমিন (৫৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।
তিনি ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের আগে অজু শেষ করে মসজিদে প্রবেশের সময় হঠাৎ ছাদের ওপরের রেলিং ভেঙে মমিনের মাথার ওপর পড়ে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। আশপাশের মুসল্লিরা ছুটে এসে রেলিংয়ের নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, আব্দুল মমিন প্রতিদিন নিয়মিত ওই মসজিদেই নামাজ আদায় করতেন। দুর্ঘটনার সময়ও তিনি স্বাভাবিকভাবেই মসজিদে প্রবেশ করছিলেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তাই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবরওয়ালা/টিএস
মন্তব্য