পাবনা প্রতিনিধি
প্রকাশ: 2শে আষাঢ় ১৪৩২ | ১৬ই জুন ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তিন শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতা আইইইই ওয়াইইএসআইএসটি (youth Endeavours For Social Innovation Using Sustainable Technology)) ১২–২০২৫-এর চূড়ান্ত পর্বে (ফাইনাল) অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।
বিশ্বের ১,০০০-এর বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ ও ২৪ আগস্ট মালয়েশিয়ার ইউনিভার্সিটি-ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া-তে।
ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান বাপ্পি, নাইমুর রহমান ও কর্নেল আহমেদ রাহুল দলবদ্ধভাবে ‘ইন্টেলিজেন্স সেফগার্ড’ শীর্ষক একটি ‘এআই’ ভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন। অনলাইনে জমা দেওয়া এই প্রকল্প বিচারকদের প্রশংসা কুড়ায় এবং বিশেষ বিভাগে উত্তীর্ণ হয়ে তারা আন্তর্জাতিক ফাইনালে অংশগ্রহণের সুযোগ পান। তাদের প্রকল্পের তত্ত্বাবধায়ক ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক লিটন চন্দ্র পাল।
অধ্যাপক লিটন চন্দ্র পাল বলেন, ‘ইন্টেলিজেন্স সেফগার্ড একটি উন্নতমানের স্মার্ট ক্রাইম ডিটেকশন ও ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম। এটি মানুষের কণ্ঠ, ছবি, ভিডিও এবং যানবাহনের নাম্বার প্লেট শনাক্ত করে তাৎক্ষণিকভাবে অপরাধ শনাক্ত করতে সক্ষম। এই প্রযুক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক হতে পারে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।’
তিন শিক্ষার্থীর এই সাফল্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর সন্তোষ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেন, ‘এই কৃতিত্ব বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছে। আমাদের শিক্ষার্থীরা যে বিশ্বমানের মেধা ও দক্ষতা রাখে—এই অর্জন তারই প্রমাণ। তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের উদ্ভাবনী চর্চায় উৎসাহিত করবে।’
এই অর্জন পাবিপ্রবির প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণার অগ্রগতির দিকেও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খবরওয়ালা/আরডি