অনলাইন ডেস্ক
প্রকাশ: 7শে কার্তিক ১৪৩২ | ২২ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি কবরস্থান থেকে ১৬টি মানবকঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। কঙ্কাল চুরির পর দুর্বৃত্তরা ঘটনাস্থলে ফেলে যায় ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্র। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
গত সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থানে ঘটনাটি ঘটেছে। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে, অনেকেই ঘটনাস্থলে ভিড় করছেন।
বুধবার সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও কবরস্থান পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ শেষে কবরস্থানে গেলে বেশ কয়েকটি কবরের মাটি আলগা দেখতে পান। পরে কাছে গিয়ে দেখা যায়, কবরগুলো থেকে কঙ্কাল তুলে নেওয়া হয়েছে।
স্থানীয় স্কুল শিক্ষক ছানোয়ার হোসেন বলেন, যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেখানে গত ১ থেকে দেড় বছরের মধ্যে মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, এ ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার, সদস্য গোলজার হোসেন এবং কবরস্থানের পাশের বাড়ির মুসল্লি আব্দুস ছামাদ জানান, সোমবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা কবরস্থানে ঢুকে কঙ্কাল নিয়ে যায়। পরদিন সকালে মুসল্লিদের মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে দেখা যায়, ১৬টি কবর খোঁড়া অবস্থায় রয়েছে।
তাদের ভাষায়, কবরগুলো পরীক্ষা করে দেখা যায় মাথা থেকে কোমর পর্যন্ত অংশের কঙ্কাল চুরি হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা উদ্যোগ নিয়ে খোঁড়া কবরগুলোতে নতুন করে মাটি চাপা দেন। তারা আরও জানান, ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।