খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ই জুলাই ২০২৫, ৪:৪৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে শহীদ মিনারে নির্ধারিত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রবিবার (৩ আগস্ট) সমাবেশটি অনুষ্ঠিত হবে শাহবাগে।
বুধবার (৩০ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু একই দিনে ও একই স্থানে জাতীয় নাগরিক পার্টিও সমাবেশ করতে চায় বলে আমাদের জানায়। এনসিপির পক্ষ থেকে আমাদের এবং বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে স্থান পরিবর্তনের অনুরোধ জানানো হয়। সেই অনুরোধ বিবেচনায় নিয়ে আমরা শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।’
রাকিব আরও বলেন, ‘আমরাই প্রথমে কর্মসূচি ঘোষণা করেছি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছি। তাই শহীদ মিনারে সমাবেশ করার বৈধতা মূলত আমাদেরই ছিল। কিন্তু গণতান্ত্রিক সহাবস্থান, মত-পথের প্রতি শ্রদ্ধা ও রাজনৈতিক সৌজন্যের জায়গা থেকে আমরা উদারতার পরিচয় দিয়ে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
নতুন ভেন্যুর বিষয়টি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, ৩ আগস্টের সমাবেশটি এখন শাহবাগে অনুষ্ঠিত হবে। ব্যস্ত সড়কে এ কারণে নগরবাসীর কোনো ধরনের ভোগান্তি হলে আমরা আগেভাগেই দুঃখ প্রকাশ করছি। আশা করি, এই দিনটির গুরুত্ব এবং আমাদের সিদ্ধান্তের পেছনে থাকা সৌজন্যবোধ নগরবাসী অবশ্যই বুঝতে পারবেন।’
ছাত্রদল জানায়, কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরেও এ ধরনের পরিবর্তন তাদের জন্য কষ্টসাধ্য ও বিব্রতকর হলেও, বৃহত্তর রাজনৈতিক সহনশীলতা ও নাগরিক দায়বদ্ধতা থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
খবরওয়ালা/এসআই
মন্তব্য