এনসিপির কমিটিতে থাকতে চান না ব্যবসায়ী, ২৪ ঘণ্টার মধ্যে নাম প্রত্যাহারের অনুরোধ

গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে নাম প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে নিজের নাম প্রত্যাহারের অনুরোধ জানালেন মুদি ব্যবসায়ী ছাদিম কাজী। বৃহস্পতিবার ঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর ২৯ সদস্যের গোপালগঞ্জ জেলা কমিটিতে তাকে এক নম্বর সদস্য করা হয়। তবে শুক্রবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি কমিটি থেকে নাম বাদ দেওয়ার আহ্বান জানান।

ছাদিম কাজী তার পোস্টে লেখেন, ‘আমার অনুমতি ছাড়াই আমাকে এনসিপির গোপালগঞ্জ জেলা কমিটির সদস্য করা হয়েছে। আমি এ বিষয়ে কিছুই জানতাম না। এটি আমার এবং আমার পরিবারের জন্য অস্বস্তিকর ও অনাকাঙ্ক্ষিত। আমি কোনো রাজনৈতিক দলে জড়িত না, এনসিপির সদস্যও নই। এ কারণে আমার নাম কমিটি থেকে প্রত্যাহার করার অনুরোধ করছি।’

বৃহস্পতিবার রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে নাম আসার পর ফেসবুকে ছাদিম কাজীর অনুরোধে অনেকেই তার অবস্থানের প্রশংসা করেছেন।

ঘটনার বিষয়ে ছাদিম কাজী জানান, তিনি কখনো কোনো রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন না। তিনি শুধু গোপালগঞ্জ শহরে মুদি ব্যবসা করেন। এনসিপির কমিটিতে নিজের নাম দেখে তিনি বিস্মিত হয়েছেন এবং দ্রুত বিষয়টি পরিষ্কার করতে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

তিনি আরও বলেন, এনসিপির গোপালগঞ্জ জেলা সমন্বয়ক মো. আরিফুল ইসলাম তার স্কুলজীবনের বড় ভাই। ধারণা করা হচ্ছে, তিনি অনিচ্ছাকৃতভাবে নামটি তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।

এ বিষয়ে জানতে চেয়ে মো. আরিফুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।