এবার আরও ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় সেই সমন্বয়করা রিমান্ডে

গুলশান থানার ৫০ লাখ টাকার চাঁদাবাজির মামলার পর এবার রাজধানীর তেজগাঁও থানাধীন এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ড পাওয়া অন্য আসামিরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব।

আদালতে এদিন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক নাজমুল জান্নাত শাহ সাতদিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিট জোন প্রাইভেট লিমিটেডের মালিক আবুল কালাম আজাদের রাজধানীর তেজগাঁও থানাধীন গ্রিন রোড ভিকন ভিলার গার্মেন্টস প্রতিষ্ঠানে গিয়ে সমন্বয়ক পরিচয়ে গত ২৬ জুন ৫ কোটি টাকা চাঁদা দাবি করে আসামিরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি ও মব তৈরি করে ক্ষতিসাধনের ভয় দেখানো হয়। পরে আসামিরা জনতা ব্যাংকের একটি হিসাবের কয়েকটি চেকে জোর করে আবুল কালাম আজাদের সই করিয়ে নেন। একই সঙ্গে ব্যাংক হিসাবেই দ্রুত টাকা জমা করার জন্য চাপ দেওয়া হয়।

এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আবুল কালাম আজাদ ১ আগস্ট তেজগাঁও থানায় মামলা করেন।

এর আগে ২৬ জুলাই রাতে গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে ওই চাঁদাবাজির মামলায় রিয়াদ দায় স্বীকার করে জবানবন্দি দেন। অন্য আসামিরাও বর্তমানে কারাগারে রয়েছেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।