এবার ‘প্রিয় মালতী’র লন্ডন জয়

একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে গেল ডিসেম্বরে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নেয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমাটি। এবার ছবিটির ঝুলিতে এলো আরও একটি পুরস্কার। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শক পুরস্কার অর্জন করেছে ‘প্রিয় মালতী’।

গত ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এই উৎসবে ‘প্রিয় মালতী’ দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায়।

সামাজিক মাধ্যমে খবরটি জানিয়ে সিনেমাটির নির্মাতা শঙ্খ দাশগুপ্ত লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ‘প্রিয় মালতী’ লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের দর্শক পুরস্কার জিতেছে। আমাদের গল্পে যারা বিশ্বাস রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা আর সমর্থনেই এটা সম্ভব হয়েছে। চলুন আরও এমন গল্প তৈরি করি, যা সীমানার গণ্ডি পেরিয়ে মানুষের হৃদয়কে যুক্ত করে।’

সিনেমা হলেও বেশ দর্শক টেনেছে ছবিটি। গত ২০ ডিসেম্বর মুক্তি পায় প্রেক্ষাগৃহে। ‘প্রিয় মালতী’ একটি আবেগঘন নাটকীয় চলচ্চিত্র, যেখানে এক গর্ভবতী নারীর জীবনে হঠাৎ ঘটে যাওয়া মোড় পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে।

সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন শঙ্খ দাশগুপ্ত। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। আরও অভিনয়ে ছিলেন নাদির চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বোরুন, শাহজাহান সম্রাট ও রিজভী রিজু।

প্রসঙ্গত, গত বছরের ২২ এপ্রিল বার্বিকান সিনেমায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছবিটি প্রদর্শিত হয়। এছাড়া ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ভারতের ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিসিয়ালি প্রদর্শিত হয়। আন্তর্জাতিক উৎসবে ঘুরে আসার পর গত ২০ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।