এসএসএফের সাবেক ডিজির ৩৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ফ্ল্যাট-জমি জব্দ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মো. মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরিন মুজিবের ৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ১ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার দুইশত টাকা জমা রয়েছে। এছাড়াও ঢাকা সিটিতে মজিবের নামে থাকা দুইটি ফ্ল্যাট, ভবনসহ একটি প্লট এবং ৪২ দশমিক ৩০ কাঠা জমি জব্দের আদেশ দেয়া হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ  আদেশ দেন। দুদকের  জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম  এ তথ্য জানান।

অবরুদ্ধ ব্যাংক হিসাবের মধ্যে মজিবুর রহমানের নামে ২৪টি এবং তার স্ত্রীর নামে ১০টি রয়েছে। জব্দ হওয়া সম্পদ সমূহের মধ্যে মজিবুর রহমানের নিজ নামে থাকা মিরপুরের মাটিকাটায় ৪ হাজার ৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, ক্যান্টনমেন্ট এলাকায় থাকা আরও একটি ফ্ল্যাট ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকা একটি প্লটসহ ভবন রয়েছে। এছাড়াও খিলক্ষেত, মিরপুর, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ১১টি দলিলে থাকা ৪২ দশমিক ৩০ কাঠা জমি জব্দ করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, মজিবুর রহমানের বিরুদ্ধে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তিনি অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয় বা হস্তান্তর করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন। এ কারণে তার নিজ, স্ত্রী ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামীয় বিভিন্ন স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। তাদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা না গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।