এসএসসিতে টানা দুইবছর যে স্কুলের শিক্ষার্থীরা শতভাগ ফেল

নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় এবারও এসএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের তালিকায় উঠে এসেছে। চলতি এসএসসি পরীক্ষায় মাত্র ৪ জন শিক্ষার্থী অংশ নিলেও, তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। দুঃখজনকভাবে, গত বছরও এই বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও, দীর্ঘ ২৫ বছর পেরিয়ে গেলেও এটি এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে বিদ্যালয়ে ১২ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী কর্মরত আছেন।

২০১১ সালে একাডেমিক স্বীকৃতি পাওয়া এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি রয়েছে। চলতি (২০২৫) শিক্ষাবর্ষে বিদ্যালয়ে মোট ১৪০ জন শিক্ষার্থী রয়েছে: ষষ্ঠ শ্রেণিতে ৪২ জন, সপ্তম শ্রেণিতে ৩৮ জন, অষ্টম শ্রেণিতে ৩৫ জন, নবম শ্রেণিতে ৩৫ জন এবং দশম শ্রেণিতে ২৫ জন।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়টি বেশিরভাগ সময় বন্ধ থাকে এবং শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি অনিয়মিত। ফলে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নেই বললেই চলে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, “গত বছরও ১২ জন শিক্ষকের বিপরীতে মাত্র ২ জন পরীক্ষার্থী ছিল এবং কেউ পাস করেনি। এবারও কেউ পাস করতে না পারায় এলাকার সম্মান ক্ষুণ্ন হচ্ছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হাবিব সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন। সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান পরীক্ষার্থীর সংখ্যা জানেন না বলে জানান এবং পরে ফোন কেটে দেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আমির বোরহান বলেন, উপজেলায় কেবল একটি বিদ্যালয়ে শতভাগ ফেল করেছে, সেটি হলো শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়। এটি অত্যন্ত দুঃখজনক। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফরোজা বেগম জানিয়েছেন, কেন কেউ পাস করতে পারেনি এবং শিক্ষার্থীর সংখ্যা এত কম কেন—তা খতিয়ে দেখা হবে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।