খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
মানচেস্টার সিটি ব্রাজিলিয়ান কিশোর ফুটবল তারকা এস্তেভাওকে দলে টানতে একটি রেকর্ড প্রস্তাবের পরিকল্পনা করেছে। মাত্র ১৮ বছর বয়সী এই চেলসি তারকার জন্য সিটি সম্ভাব্য ১২০ মিলিয়ন ইউরোর বিশাল অফার দিতে প্রস্তুত। স্প্যানিশ দৈনিক মিডিয়ার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
সিটির কোচ পেপ গার্দিওলা দীর্ঘদিন ধরে এস্তেভাওয়ের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে আসছেন। প্রিমিয়ার লিগে তার দ্রুত উত্থান, ওয়ান টু ওয়ানে অসাধারণ দক্ষতা, ড্রিবলিংয়ের সৃজনশীলতা এবং চাপের সময় প্রাপ্তবয়স্কদের মতো শান্ত উপস্থিতি তাকে ফুটবল মহলে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। গার্দিওলার মতে, এস্তেভাও এমন এক প্রতিভা, যিনি ভবিষ্যতে সিটির আক্রমণভাগে দীর্ঘ সময় ধরে পার্থক্য গড়ে দিতে পারবেন।
বর্তমানে এস্তেভাও চেলসির সঙ্গে ২০৩৩ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ। তবে তার পারফরম্যান্স এবং আন্তর্জাতিক আগ্রহ ক্রমেই বেড়ে যাওয়ায় সিটি দ্রুত পদক্ষেপ নিতে চাইছে। ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব চেলসির জন্য কঠিন সিদ্ধান্ত হতে পারে। চেলসি তাদের তরুণ তারকাকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে চায়, তবে সিটির বিশাল প্রস্তাব এবং খেলোয়াড়কে দ্বিগুণ বেতন দেওয়ার সম্ভাবনা বিষয়টিকে জটিল করে তুলতে পারে।
বিশ্লেষকরা মনে করেন, সিটির তরুণ প্রতিভায় বিনিয়োগের এই উদাহরণ তাদের দীর্ঘমেয়াদি কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে। একই সঙ্গে এটি চেলসির ভবিষ্যৎ পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে পারে, কারণ এস্তেভাওকে নতুন প্রজন্মের অন্যতম সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।
খবরওয়ালা /এজে