কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের তচ্ছাখালী ব্রিজের পাশের খাল থেকে এক অজ্ঞাত নারীর বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
ওসি জিয়াউল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, সন্ধ্যার দিকে তচ্ছাখালী ব্রিজের পাশের খালে একটি পরিত্যক্ত বস্তা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে বস্তাটি উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায়, এক নারীর অর্ধগলিত মরদেহ। লাশ পচে যাওয়ায় চেহারা বিকৃত হয়ে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, অন্তত এক সপ্তাহ আগে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে লাশ বস্তাবন্দী করে সেখানে ফেলে রেখে যায়।
ওসি জিয়াউল হক জানান, কারা এবং কোন কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
খবরওয়ালা/টিএসএন



