খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ আহনাফ (১৮) নামে এক পর্যটক। তার সন্ধানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে নিখোঁজ আহনাফকে খুঁজতে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা দেখা যায়। জানা গেছে, নিখোঁজ মোহাম্মদ আহনাফ ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা।
কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য গণমাধ্যমকে বলেন, আহনাফকে সৈকতের বিভিন্ন পয়েন্টে খোঁজা হচ্ছে। তাকে খুঁজে বের করার জন্য আমরা সম্ভাব্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এইচএসসি পরীক্ষা শেষে আহনাফ বন্ধুদের সঙ্গে অবকাশযাপনে কক্সবাজার এসেছিলেন। রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে তিনি বন্ধুদের সঙ্গে সাগরে গোসলে নামেন। এ সময় আরও দুইজন পর্যটক নিখোঁজ হলেও তাদের উদ্ধার করা হয়েছে। তবে ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও আহনাফের কোনো সন্ধান মেলেনি।
সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, দুপুরে তিনজন পর্যটক সাগরে নিখোঁজ হয়েছিলেন। আমাদের উদ্ধারকারী দল ও বোটের সহায়তায় দুজনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু আহনাফ এখনো নিখোঁজ। তাকে উদ্ধারের জন্য আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি।
নিখোঁজ আহনাফের বিষয়ে ক্রিকেটার মুশফিকুর রহিম মুঠোফোনে বলেন, আমরা অনেক চেষ্টা করেছি। ডিসি ও প্রশাসনসহ সবাই আমাদের সহযোগিতা করেছেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।
উল্লেখ্য, গত ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসান (২২) একইভাবে সৈকতে নিখোঁজ হয়েছিলেন, কিন্তু দুই মাস পরও তাকে খুঁজে পাওয়া যায়নি।
সি-সেইফ লাইফগার্ডের তথ্য অনুযায়ী, গত এক বছরে সমুদ্রে গোসল করতে নেমে ১১ জন পর্যটকের মৃত্যু হয়েছে এবং ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে।
খবরওয়ালা/টিএসএন