কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় উড়োজাহাজের সঙ্গে একটি কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় কুকুরটি মারা যায়।
শনিবার (২আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্সের ফ্লাইটের সঙ্গে এ ঘটনা ঘটে। এতে ফ্লাইটি ছাড়তে এক ঘণ্টা দেরি হয়।
বিমানবন্দর সূত্র জানায়, ঢাকাগামী বেসরকারি এয়ার এস্ট্রার উড়োজাহাজটিতে যাত্রী ছিলেন ৭২ জন। ধাক্কা লাগার ঘটনার কুকুরটি মারা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও নিরাপত্তাকর্মীরা মৃত কুকুরটি সরিয়ে নেয়। রাত আটটার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিমানবন্দর সূত্র জানায়, ঘটনার পর পাইলটসহ নিরাপত্তাকর্মীরা অনুসন্ধান চালিয়ে দেখেন, কুকুরের সঙ্গে ধাক্কা লেগেছে বিমানের। এরপর ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরীক্ষা–নিরীক্ষার পর যান্ত্রিক ত্রুটি না পেয়ে প্রায় এক ঘণ্টা পর উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা বলেন, উড়োজাহাজের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে উড়োজাহাজের তেমন ক্ষতি হয়নি। যাত্রীরাও নিরাপদে ছিলেন। কুকুরটি সরিয়ে উজোজাহাজটি নিরাপদে উড্ডয়ন করে এবং স্বাভাবিক গতিতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গোলাম মর্তুজা বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের নির্মাণকাজ শেষ হয়েছে। তবে রানওয়ের উত্তর পাশের কিছু অংশে অবকাঠাগত উন্নয়নকাজ বাকি আছে। বৃষ্টির কারণে কাজগুলো শেষ করা যাচ্ছে না। দিনের বেলায় উত্তরাংশের খোলা এলাকা দিয়ে কুকুর ঢোকার সুযোগ নেই। তবে সন্ধ্যার পর রানওয়েকে কিছু কুকুর ঢোকে। কম আলোতে রানওয়েতে কুকুর ঠিকমতো দেখা যায় না।
খবরওয়ালা/এফএস



