নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পাহাড়ি নদী ডেনকি থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু রাস্তার পাশে ফেলে রেখে এখন প্রকাশ্যে বিক্রি করছে একটি চক্র।
উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি এলাকার ভেলুয়াতলি গ্রামে এই ঘটনা ঘটছে। স্থানীয়রা বলছেন, রাস্তার গর্ত ভরাটের অজুহাতে বালু ফেলে মূলত লুকিয়ে রাখা হয়েছিল বিক্রির উদ্দেশ্যে।
এ কাজে নেতৃত্ব দিচ্ছেন সাদেক মিয়া নামের এক ব্যক্তি, যার সঙ্গে আরও অন্তত চারজন জড়িত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, ভেকু দিয়ে নদী থেকে বালু তুলে ট্রলিতে করে তা বিক্রি করা হচ্ছে—যার ভিডিওচিত্র ইতিমধ্যে স্থানীয়দের ক্যামেরায় ধারণ করা হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, “প্রথমে বলা হয়েছিল গর্ত ভরাটের জন্য বালু রাখা হচ্ছে। এখন দেখি সেই বালুই ট্রলিতে করে বিক্রি হচ্ছে। প্রশাসন দেখেও যেন না দেখার ভান করছে।”
তবে সাদেক মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “রাস্তার পাশে আমাদের নামে জমি রয়েছে। সেই গর্তে আগেই নদীর বালু ফেলেছিলাম। এখন এলাকার উন্নয়নের কাজে সেই বালু নেওয়া হচ্ছে।”
সাদেক মিয়ার বক্তব্য মানতে নারাজ স্থানীয়রা। তাদের ভাষ্য, এটি পরিকল্পিত অবৈধ বালু ব্যবসা এবং প্রশাসনের নজরদারির অভাবে তা দিনে দিনে বেপরোয়া রূপ নিচ্ছে।
কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা অবিলম্বে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
খবরওয়ালা/আশ



