‘কাতারে হামলার ব্যাপারে আগে থেকেই জানতেন ট্রাম্প’

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলার ব্যাপারে আগে থেকেই অবগত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি এ হামলায় সম্মতি দিয়েছিলেন। ইসরায়েলি গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলার দুই দিন আগে ট্রাম্প হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দেন। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, ‘আমি হামাসকে সতর্ক করেছি এর পরিণতি সম্পর্কে। এটাই আমার শেষ সতর্কবার্তা, এর পর আর কোনো সতর্কবার্তা থাকবে না।’

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, দোহায় হামাস নেতাদের ওপর হামলা সম্পূর্ণভাবে ইসরায়েলের নিজস্ব অভিযান ছিল। বিবৃতিতে বলা হয়, ‘আজকের অভিযানে হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। এটি সম্পূর্ণভাবে ইসরায়েলের নিজস্ব অভিযান। ইসরায়েল এটি শুরু করেছে, পরিচালনা করেছে এবং এর পূর্ণ দায়িত্ব নিচ্ছে।’

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দোহায় আচমকা হামলা চালায় ইসরায়েল। আল-জাজিরা জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু যারা ছিলেন, তারা ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্যই সেখানে গিয়েছিলেন। হামাসের একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, আবাসিক ভবনে চালানো এই হামলা ছিল হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্যের ওপর লক্ষ্য করে। তিনি বলেন, ‘এই অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের এই অযাচিত কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি অবহেলা কাতার কখনো সহ্য করবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ বরদাশত করা হবে না। সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এদিকে হামলায় হতাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।