খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ই নভেম্বর ২০২৫, ৪:২২ পিএম
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামে একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে এক নবজাতককে। মঙ্গলবার সকালে ওই ধান ক্ষেতের মাঝে একটি ফুটফুটে ছেলে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে শিশুটিকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের ধারণা, শিশুটির বয়স দুই দিনের কম হবে। তারা নবজাতকের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিম নামের এক কৃষক সকালে ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন হঠাৎ তিনি নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। দৌড়ে গিয়ে দেখেন, ধান ক্ষেতের মাঝে খোলা আকাশের নিচে পড়ে থাকা এক ফুটফুটে নবজাতক ছেলে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই ধান ক্ষেতের দিকে ছুটে যান। পরে এলাকাবাসী শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। তবে এখনো তার পরিচয় মেলেনি।
মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নবজাতককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবজাতকের পরিচয় উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।”
খবরওয়ালা /এসএস
মন্তব্য