খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 9শে ভাদ্র ১৪৩২ | ২৪ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকায় সায়েম নামের এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেদি হাসান (১৮), জোবায়ের আহমেদ (২০), সিয়াম (১৮), মেহেদী (২১), নাঈম (২১), এমদাদ (২১) ও ঈমাম হোসেন।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর অশোকতলা এলাকার বিসিক শিল্পনগরীর ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে সায়েম নামের এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটে। নিহত সায়েম নগরীর অশোকতলা এলাকার ভাড়াটিয়া অটোরিকশাচালক আমিনুল ইসলামের ছেলে। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলায়।
পুলিশ জানায়, সায়েম ও তার সহযোগিরা বিসিক শিল্প এলাকার বিভিন্ন ফ্যাক্টরি থেকে মাঝে মাঝেই চাঁদা সংগ্রহ করতো। এছাড়া চুরি ছিনতাইয়ের সঙ্গেও সে জড়িত ছিল। বৃহস্পতিবার সায়েম বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদার জন্য যায়। এসময় ফ্যাক্টরির লোকজন তাকে ওই ভবনে মারধর করে আটকে রাখে। পরবর্তীতে সায়েমের সঙ্গীরা সেখানে গিয়ে হট্টগোল করে। পরবর্তীতে এলাকাবাসী জড়ো হয়ে রাতে পুনরায় সায়েমের হাত পা বেঁধে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গণপিটুনিতে নিহত সায়েমের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ৫০ জনকে আসামি করা মামলা করেছেন। গ্রেপ্তাররা সবাই গণপিটুনিতে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। রোববার তাদের রিমান্ডে আনতে আদালতে আবেদন করা হবে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
খবরওয়ালা/এমইউ