কুমিল্লায় মায়ের গরম খুন্তির ছ্যাঁকায় দগ্ধ নিজ গর্ভধারিত দুই কন্যা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামে মা আসমা বেগমের (৩০) বিরুদ্ধে তার নিজ গর্ভধারিত দুই কন্যা শিশুকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিশু দুই বোন—সাবিনা আক্তার (৮) ও নুসরাত আক্তার (৫)। গত শুক্রবার (১ আগস্ট) বিকেলে তাদের গালে, হাতে ও শরীরে ছ্যাঁকা দেন মা। ওইদিন রাতেই স্বজনরা তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিশুদের হাত-পা ব্যান্ডেজে মোড়া, মুখে ভয় ও যন্ত্রনার ছাপ স্পষ্ট।

শিশুদের বাবা ইব্রাহিম খলিল, যিনি পেশায় রাজমিস্ত্রি, জানান, তার স্ত্রী আসমা দীর্ঘদিন ধরে সংসার করতে চান না এবং প্রায়ই ঝগড়া করেন। এর আগেও সন্তানদের মারধর করতেন। শুক্রবার বিকেলে গরম খুন্তি দিয়ে দুই মেয়ের শরীরে ছ্যাঁকা দেন বলে অভিযোগ করেন তিনি।

ইব্রাহিম জানান, রাতে কাজ শেষে বাসায় ফিরে মেয়েদের কাছ থেকেই ঘটনার বিস্তারিত শুনেন। স্ত্রীকে জিজ্ঞেস করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরদিন বিষয়টি আত্মীয়স্বজনকে জানালে আসমা নিজের মা ও ভাইকে ডেকে এনে উল্টো স্বামীকেই গালাগাল ও মারধর করেন।

শিশু সাবিনা ও নুসরাত জানায়, মা আগুনে গরম খুন্তি দিয়ে তাদের শরীরে ছ্যাঁকা দেয় এবং তারপরেও মারধর করে। তারা জানায়, মা আমাদের শুধু মারে।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, স্বামী-স্ত্রীর ঝগড়া নিয়ে বহুবার গ্রামে সালিস হয়েছে। কিন্তু এবার শিশুদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে তা সত্যিই মর্মান্তিক।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।