কুয়াকাটায় স্রোতে ভেসে যাচ্ছিলেন পর্যটক, উদ্ধার করলেন জেলে

কুয়াকাটায় সাগরে গোসলে নেমে জোয়ারের প্রবল স্রোতে ভেসে যাচ্ছিলেন এক তরুণ পর্যটক। তবে স্থানীয় এক জেলের তাৎক্ষণিক সাহসী অভিযানে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। পরে ওই পর্যটককে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার (২৫ জুলাই) সকালে হোটেল সী-ভিউ সংলগ্ন সৈকতে এই ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া পর্যটকের নাম তানভীর (২৩)। তিনি ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২৪ জুলাই) ৭-৮ জন বন্ধু মিলে কুয়াকাটা বেড়াতে আসেন। গোসলে নেমে উত্তাল ঢেউয়ে সাগরের গভীরে চলে যান তিনি।

প্রত্যক্ষদর্শী সৈকতের চিত্রগ্রাহক মো. মেশকাত বলেন, সৈকতে অনেক পর্যটক গোসল করেন। এরমধ্যে একজনকে আমরা তলিয়ে যেতে দেখি। তাৎক্ষণিক সামনে থাকা জেলেদের সহযোগিতায় তাকে উদ্ধার করি। পরবর্তীতে তাকে হাসপাতালে পাঠাই। সাগর থেকে তোলার সময় তিনি অসুস্থ ছিলেন।

প্রত্যক্ষদর্শী সেলিম মাহমুদ বলেন, গোসলে নামার সময় পর্যাপ্ত সতর্কতা না নেওয়ার কারণে ওই পর্যটক প্রাণ হারাতে বসেছিলেন। তবে সময়মতো উদ্ধার হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার দুপুরে বেশ কয়েকজন পর্যটক মিলে একজনকে অসুস্থ অবস্থায় নিয়ে এসেছেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পানিজনিত সমস্যা পাওয়া গেছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ তাপস জানান, জেলেদের কাছে জেনে আমরা হাসপাতালে খোঁজ খবর নিয়েছি। এখন ওই পর্যটক সুস্থ রয়েছেন। তবে আমাদের সদস্যরা খোঁজখবর নিতে তাদের হোটেল শনাক্ত করতে ও বর্তমান অবস্থা জানতে কাজ করছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।