মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেন্টুল এলাকা থেকে এক বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় সাতজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এর মধ্যে দুইজন বাংলাদেশি এবং পাঁচজন মিয়ানমারের নাগরিক।
২৬ জুন রাতে এ ঘটনাটি। সেন্টুলের একটি মসজিদের সামনে থেকে ওই বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করা হয়। পরে তদন্তের ভিত্তিতে সাতজনকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) তাদের কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নূর এলিনা হানিম আব্দুল হালিম শুনানি শেষে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃত দুই বাংলাদেশি হচ্ছেন সোহেল রানা ও শাহজাহান। বাকি পাঁচজন মিয়ানমারের নাগরিক: আব্দুল মাজিদ আব্দুল মালিক, সোফোরুদ্দিন ফজুল করিম, মোখতার হুসেন জাহের হুসেন, মোহাম্মদ ইসমাইল আজিতা রহমান এবং মোহাম্মদ আরাফাত হুসেন জামাল মোস্তফা।
আদালতে উপ-সরকারি কৌঁসুলি ইমান নুরহিদেয়া ইজানি জানান, অপহরণ এবং মুক্তিপণ আদায়ের অভিযোগটি জামিন অযোগ্য হওয়ায় কোনো জামিনের আবেদন করা হয়নি।
পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২ অক্টোবর। মামলায় অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং বেত্রাঘাতের সাজা হতে পারে বলে জানিয়েছে আদালত সূত্র।
খবরওয়ালা/আশ



