কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, আজই খুলছে হল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আমরণ অনশনের মধ্যে বুধবার (২৩ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকেলেই খুলে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।

বুধবার দুপুর সাড়ে ১২টায় কুয়েটের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে সিন্ডিকেটের ১০২তম (জরুরি) সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও হল খোলার তথ্য জানানো হয়।

এর আগে ১৪ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম চালু এবং ২ মে থেকে আবাসিক হল খোলার সিদ্ধান্ত হয়। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হলগুলো আজ বিকেলেই খুলে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের জেরে শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এর পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণা করে এবং সংঘর্ষে জড়িত সন্দেহে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে। একই ঘটনায় একজন বহিরাগত ব্যক্তি ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেন।

এর পরিপ্রেক্ষিতে ১৩ এপ্রিল থেকে শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নামেন। কোনো সাড়া না পেয়ে সোমবার (২১ এপ্রিল) বিকাল থেকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। প্রথমদিন ৩২ শিক্ষার্থী অনশনে অংশ নেন, যাদের মধ্যে পাঁচজন ইতোমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, পুরো ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা শুরু করেছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।