কুষ্টিয়ায় বজ্রপাতে ১১ মহিষের মৃত্যু, ভাসিয়ে দেওয়া হলো পদ্মায়

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় পদ্মা নদীর চরে বজ্রপাতে দুই কৃষকের ১১টি মহিষ মারা গেছে। এতে প্রায় ২৪ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন তাঁরা। রবিবার (৩ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।

প্রাণিসম্পদ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মহিষগুলোর মধ্যে ১০টি ছিল বাংলাবাজার এলাকার নওয়াজুদ্দিনের ছেলে নবির আলীর এবং একটি এলাহি ঢালির। তাঁরা যৌথভাবে একটি বাথানে এসব মহিষ পালন করছিলেন।

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘আমার ইউনিয়নের দুই কৃষকের ১১টি মহিষ বজ্রপাতে মারা গেছে। এতে নবির আলীর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তাঁর ১০টি মহিষ মারা যায়।’

এলাহি ঢালি বলেন, ‘নবির আলী আমার ফুপাতো ভাই। তাঁর ১০টি ও আমার একটি মহিষ মারা গেছে। আমাদের বাথানে প্রায় ৩০০ মহিষ আছে, যেগুলোর মালিক ২২ জন। শুধু আমাদের দুজনেরই অন্তত ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতগুলো মহিষ পুঁতে রাখা সম্ভব না হওয়ায় আমরা নদীতে ভাসিয়ে দিয়েছি। সরকার যদি একটু সহায়তার ব্যবস্থা করত, উপকৃত হতাম।’

দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহামুদুল ইসলাম জানান, বজ্রপাতে দুই কৃষকের ১১টি মহিষ মারা গেছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ থেকে ২৪ লাখ টাকা।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘বজ্রপাতে মহিষের মৃত্যু বিষয়টি শুনেছি। সরকারিভাবে সহায়তার কোনো সুযোগ থাকলে, তা করা হবে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।