দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: 17শে জ্যৈষ্ঠ ১৪৩২ | ৩১ই মে ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ৯ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে দেশে ঠেলে বা পুশ-ইন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৩১ মে ) সকালে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাট এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে বলে জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) আশ্রায়ণ বিওপি।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টার দিকে স্থানীয়রা একটি নৌকা থেকে ৯ জনকে নামতে দেখে সন্দেহভাজন মনে করে আশ্রায়ন বিওপিকে খবর দেয়। পরে বিজিবির নিয়মিত টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করে হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা এবং প্রায় চার বছর আগে বামনহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি ভারতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হলে তারা স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী হন এবং স্থানীয় পুলিশের সহায়তায় বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন।
পরে ৩০ মে (শুক্রবার) রাতে ভারতের জলঙ্গি থানার নিকটবর্তী একটি বিএসএফ ক্যাম্প থেকে কাঁটাতারবিহীন চরাঞ্চলীয় সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়। তারা হেঁটে ও মোটরসাইকেলযোগে দৌলতপুরের ভাগজোত ঘাট এলাকায় পৌঁছান। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন নারী, ২ জন কিশোর এবং ১ শিশু রয়েছে। বর্তমানে তারা বিজিবির হেফাজতে আছেন এবং শারীরিকভাবে সুস্থ বলে জানানো হয়েছে।
বিজিবি জানায়, বিএসএফের এ ধরনের আচরণ প্রচলিত আন্তর্জাতিক সীমান্ত চুক্তির পরিপন্থি। এ ঘটনায় আজ সকাল ১০টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ৮৫/১০-এস এর নিকট পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বৈঠকে বিজিবি পক্ষ পুশ-ইনের ঘটনায় কড়া প্রতিবাদ জানায়। তবে বিএসএফ পুশ-ইনের বিষয়টি অস্বীকার করে ভবিষ্যতে আইনি প্রক্রিয়া অনুসরণ করার আশ্বাস দেয়।
এ ছাড়াও বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আরও একটি পতাকা বৈঠক আয়োজনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
খবরওয়ালা/আরডি