ক্রসফায়ার করলেই টাকা, একজন সেই টাকা দান করেন মসজিদে: গুম কমিশনে সাক্ষ্য

‘ক্রসফায়ারের’ পরই মোটা অঙ্কের অর্থ দেওয়া হতো কর্মকর্তাদের। ক্রসফায়ারে অংশ নিতে কর্মকর্তা ও সদস্যদের আগ্রহী করতে এই পদক্ষেপ নেওয়া হয়।

গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রসফায়ার ও গুমের অভিযানের পর ওই অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের মধ্যে নিয়মিত অর্থ বিতরণ করা হতো।

এই অর্থ বিতরণের বিষয়টি নিশ্চিত হয়েছে কমিশন। তাদের কাছে এ বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী থেকে র‍্যাবে প্রেষণে আসা এক জুনিয়র কর্মকর্তার কাছে তার সিনিয়র কর্মকর্তা জানতে চেয়েছিলেন, ‘ক্রসফায়ার’ করে তিনি অর্থ পেয়েছেন কি–না? জবাবে ওই জুনিয়র কর্মকর্তা অর্থ পাওয়ার বিষয়টি স্বীকার করেন এবং সেই টাকা তিনি মসজিদে দান করে দিয়েছেন বলেও জানান।

এই জুনিয়ার কর্মকর্তা আরও স্বীকার করেন, তিনি নিজে দুটি ক্রসফায়ার করেছেন এবং চারটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তিনি দেখেছেন।

এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা দুই কর্মকর্তার মধ্যে হয়েছে একটি সেনা ব্রিফিংয়ে। জুনিয়ার কর্মকর্তা এমন হত্যার সঙ্গে জড়িত থাকার পর নিজেকে ধার্মিক সাজানোর চেষ্টা করেন।

এদিকে গুম ও হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের অপরাধকে সব সময় প্রশংসা করে গোয়েন্দা সংস্থাগুলো প্রতিবেদন তৈরি করত। সেই প্রতিবেদন প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তাদের কাছে পাঠানো হতো। যারা রাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনগুলো নিয়মিত পান।

গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, যারা গুমের বিরোধিতা করতেন, তাদের বিষয়ে নেতিবাচক প্রতিবেদন তৈরি করত গোয়েন্দা সংস্থা। তাদের পেশাগত ও ব্যক্তিগতভাবে হয়রানি করা হতো। তাদের রাজনৈতিক ভিন্নমতের ট্যাগ দেওয়া হতো, তাদের পরিবারের রাজনৈতিক আদর্শ খোঁজা হতো। অপরদিকে যারা গুম ও খুনের সঙ্গে জড়িত ছিলেন, তাদের প্রশংসা করে প্রতিবেদন দিত গোয়েন্দা সংস্থা। তাদের প্রতিবেদনে গুম ও খুনের কিছুই লেখা থাকত না।

গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, বেনজীর আহমেদ র‍্যাবের মহাপরিচালক থাকাকালীন চট্টগ্রামে র‍্যাবের জঙ্গি, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের প্রশংসা করা হয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। তিনি আইজিপি হওয়ার আগে যে প্রতিবেদন তৎকালীন প্রধানমন্ত্রীকে দেওয়া হয়,সেই প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়, বেনজীর আহমেদের বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য পাওয়া যায়নি। তাকে অত্যন্ত দক্ষ, ভদ্র ও সৎ স্বভাবের কর্মকর্তা হিসেবে বর্ণনা করা হয়।

এ ছাড়া সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল জিয়াউল আহসানেরও প্রশংসা করা হয় গোয়েন্দা প্রতিবেদনে।

সম্প্রতি গুম সংক্রান্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে গুমের অন্তর্বর্তী দ্বিতীয় প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।