ক্লাসরুমের দাবীতে এবার আন্দোলনে ইবির শারীরিক শিক্ষা বিভাগ

ইবি প্রতিনিধি ॥ বরাদ্দকৃত ক্লাসরুম বুঝিয়ে দেওয়ার দাবিতে এবার আন্দোলনে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের হাতে শিক্ষা সবার অধিকার, স্পোর্টস সাইন্স কেন বঞ্চিত বারবার; কোথায় পড়বো কোথায় শিখবো? ক্লাসরুম চাই, ক্লাসরুম চাই; সবার নাই ক্লাসরুম, ইবি প্রশাসন দিচ্ছে ঘুম; আমাদের অধিকার ক্লাসরুম দিতে হবে; অন্য বিভাগ স্বর্গে, স্পোর্টস সাইন্স কেন মর্গে ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়। জানা যায়, ৩২ জন শিক্ষার্থী নিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়। পরবর্তীতে আরো ২টি ব্যাচে শিক্ষার্থীরা ভর্তি হলেও বিভাগের দেওয়া হয়নি নির্দিষ্ট কোন ক্লাসরুম। দীর্ঘদিন যাবত তারা জিমনেশিয়ামে ক্লাস করলেও বর্তমানে শিক্ষার্থী সংখ্যা বেড়ে যাওয়ায় ক্লাসরুমের সংকট দেখা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ, ডেভেলপমেন্ট স্টাডিজ, ফোকলোর স্টাডিজ বিভাগ অনুষদ ভবন থেকে ওই ভবনে স্থানান্তরিত হলে অনুষদ ভবনের ক্লাসরুম গুলো শারীরিক শিক্ষা বিভাগকে বরাদ্দ দেওয়ার কথা ছিলো। গত ৮ অক্টোবর অনুষদ ভবনের তৃতীয় তলার ৩০১,৩০২,৩৩৭, ৩৩৭(ক), ৩৩৮,৩৩৯,৩৪০,৩৪২,৩৪৩,৩৪৪ নং কক্ষ বরাদ্দ দেওয়া হয় শারীরিক শিক্ষা বিভাগকে। এছাড়াও ফোকলোর স্টাডিজ কর্তৃক ব্যবহৃত রুম গুলোও শারীরিক শিক্ষার অধীনস্থ থাকবে বলে জানান কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন। কিন্তু বরাদ্দকৃত ক্লাসরুম আর বুঝে পায়নি শারীরিক শিক্ষা বিভাগ।

শিক্ষার্থীরা বলেন, আমার বিভাগ চালুর পর থেকেই অবহেলিত ছিল। বিশ্ববিদ্যালয়ের কোন ভবনে জায়গা না পেয়ে জিমনেশিয়ামে আমাদের ক্লাস করতে দেওয়া হয়। রবীন্দ্র নজরুল ভবনের কাজ চলমান থাকায় আমরাও ধৈর্য ধরে থাকলেও ভবনের কাজ শেষ হলে আমাদের ক্লাসরুম না দিয়ে অন্যান্য বিভাগকে দেওয়া হয়। শেষে অনুষদ ভবনে আমাদের দেওয়ার কথা থাকলেও অন্যান্য বিভাগ সেসব রুম দখল করে রেখেছে। আমরা আমাদের বরাদ্দকৃত ক্লাসরুমে ক্লাস করতে চাই। এর আগে বিভিন্ন সময় ক্লাসরুমের দাবিতে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। একই দাবীতে আমরণ অনশন পর্যন্ত করেছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া একই দাবীতে মুখে কালো কাপড় বেধে আন্দোলন করেছে সমাজকল্যাণ বিভাগ।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।