খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের প্রসীত খীসা গ্রুপের একজন সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) সকাল ৭টায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত অস্তিন ত্রিপুরা স্থানীয় বাসনা ত্রিপুরার ছেলে। এ ছাড়াও তার বোন তারাপতি ত্রিপুরা আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী এলাকায় ঢুকে এই হামলা চালিয়েছে। ঘটনাস্থলেই অস্তিন ত্রিপুরা নিহত ও তারাপতি ত্রিপুরা আহত হন।
ইউপিডিএফ প্রসীত খীসা গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (সন্তু গ্রুপ) দায়ী করেছেন। তিনি বলেন, ‘ওই এলাকায় ইউপিডিএফয়ের একটি সাংগঠনিক দল অবস্থান করছিল। আগে থেকে সুযোগের সন্ধানে থাকা জনসংহতির সন্ত্রাসীরা তাদের ওপর গুলি করে পালিয়ে যান। এ সময় গুলিতে অস্তিন ত্রিপুরা নামে তাদের এক কর্মী নিহত হয়েছেন।
অবশ্য এ ব্যাপারে জনসংহতি সমিতির কারও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থল দুর্গম হওয়ায় পুলিশ এ বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেনি।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা গণমাধ্যমকে বলেন, ‘এমন ঘটনার খবর শুনেছি। তবে ঘটনাস্থল দুর্গম হওয়ায় ঘটনার সত্যতা কিংবা হতাহতের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’
খবরওয়ালা/আরডি