রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
বুধবার (১৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (১৮ মার্চ) মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইমরান (৩০), তানভীর (২৭), শফিকুল ইসলাম (৩০), জনি খান (৩০), রাহাত (২২), রিপন (৩৫), গোলাপ (৪০), হাফিজুর রহমান (২৫), নুর ইসলাম (৫০) ও ইউসুফ (৪০)।
মেহেদী হাসান বলেন, মঙ্গলবার (১৮ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার ৫ জন, অন্যান্য মামলায় ২ জন, দ্রুত বিচার আইনে ১ জন, দস্যুতার মামলায় ১ জন ও পরোয়ানাভুক্ত আসামি ১ জন।
গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
খবরওয়ালা/টিএ



