খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ফ্লাইটটিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ভিভিআইপি’ হিসেবে শিডিউল অনুমোদন করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্স দিয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খালেদা জিয়াকে নিতে ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় আসবেন এবং ১০ ডিসেম্বর ঢাকায় ত্যাগ করবেন। ভিভিআইপি মুভমেন্ট হিসেবে এয়ার অ্যাম্বুল্যান্সের ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়ার পর সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হবে।
এদিকে শনিবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের লন্ডন যাত্রা কিছুটা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন তারিখ জানানো সম্ভব নয়। এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকার পরে যেকোনো দিন উনাকে নেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসনের একজন চিকিৎসক জানিয়েছেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েকদিন থেকে অপরিবর্তিত। এয়ার অ্যাম্বুল্যান্স দেরিতে আসার পাশাপাশি তার ফ্লাইটের উপযুক্ততা বিবেচনায় রাখা হচ্ছে।’
একটি বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য কাতারের ব্যবস্থাপনায় নতুন এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় ৬ ডিসেম্বর আসার কথা থাকলেও তা পুনঃনির্ধারণ করে ৯ ডিসেম্বর করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার প্রাথমিক সময়সূচি ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
খবরওয়ালা /এসএস