গভীর রাতে বিআরটিসির দুই বাস পুড়ে ছাই

নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোর দুটি যাত্রীবাহী বাস গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার দিবাগত রাত প্রায় ২টা ৩০ মিনিটে স্থানীয়রা আগুনের শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসগুলোর বডিতে থাকা ফোমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুটে চলাচলকারী ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের দুটি বাস সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আরেকটি বাস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিআরটিসি সোনাপুর ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তার দাবি, এটি স্পষ্ট নাশকতার ঘটনা। তিনি বলেন, ‘আজই আমার বদলি হওয়ার কথা ছিল। নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আগ্রহী ছিলেন না। আমার ধারণা, বদলি ঠেকাতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। কাজটি প্রফেশনালভাবে করা হয়েছে।’

তিনি আরও জানান, স্থানীয় সহকর্মী ও এলাকাবাসীরা সবসময় সহযোগিতাপূর্ণ ছিলেন। রাজনৈতিক অস্থিরতার সময়ও কোনো সমস্যা হয়নি। তাই এটি সাধারণ মানুষের কাজ নয়, পরিকল্পিত অপকর্ম।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে, আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত। আগুন লাগার কারণ নিশ্চিতভাবে জানা সম্ভব নয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এখনো সেখানে রয়েছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

খবরওয়ালা /এজে

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।