গাইবান্ধায় বাকিতে পণ্য না পেয়ে যুবকের গুলি, অতঃপর…

গাইবান্ধার সাদুল্লাপুরে বাকিতে পণ্য না দেওয়ায় এক যুবক গুলি চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে দোকানদার ও তার ভাবি গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন— ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ওয়াসিম মিয়া (৩৮) ও তার ভাবি সেলিনা বেগম (৩৫)। অভিযুক্ত গোলাপ মিয়া (২৫) নাপিতের বাজার এলাকার তয়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে গোলাপ মিয়া বাড়ির পাশের দোকানে গিয়ে বাকিতে পণ্য চান। দোকানদার ওয়াসিম মিয়া এতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গোলাপ মিয়া বাড়ি গিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে গুলি চালান। এতে দোকানদার ওয়াসিম মিয়া ও তার ভাবি সেলিনা বেগম গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার গণমাধ্যমকে বলেন, ‘কী ধরণের আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে, সেটা অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত বলা যাচ্ছে না। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘দুপুরের দিকে এক পুরুষ ও এক নারী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। এর মধ্যে, পুরুষের অণ্ডকোষের নিচে ও নারীর উরুতে গুলি লেগেছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, তারা দুজনই এখন শঙ্কামুক্ত।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।