খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ই অক্টোবর ২০২৫, ৯:৫৫ এএম
গাজীপুরে আট বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণের অভিযোগে সুরাবাড়ী এলাকার আশ্রয়ণ প্রকল্পের পূজামণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকার (৫৫)-কে কাশিমপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় শিশুটির মা কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ভজেন্দ্র সরকারকে গ্রেপ্তার করে। এর আগে দুপুর সাড়ে এগারোটার দিকে সুরাবাড়ী এলাকায় পূজামণ্ডপের কাছেই এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল থেকেই মহানগরীর সুরাবাড়ী এলাকার আশ্রয়ণ প্রকল্পের পূজামণ্ডপে পূজা-অর্চনা চলছিল। দুপুর এগারোটার দিকে ওই মণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারের বাড়ির আশেপাশে ভুক্তভোগী শিশুটি আরও কিছু শিশুর সঙ্গে খেলছিল। সেই সময় ভজেন্দ্র সরকার মেয়েটিকে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির আত্মীয়-স্বজন ও বড় ভাই সহ স্থানীয় বাসিন্দারা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। এরপর ঐ দিন সন্ধ্যায় মেয়েটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের প্রমাণ মিলেছে। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য