গিনি-বিসাউতে সেনাবাহিনী ক্ষমতা দখল, প্রেসিডেন্ট গ্রেপ্তার

পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউতে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এবং দেশটির প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক একদিন আগে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেনার একদল কর্মকর্তা নিজেকে উচ্চ সামরিক কমান্ড দাবি করে শৃঙ্খলা পুনরুদ্ধারের উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছে। বুধবার এক টেলিভিশন বিবৃতিতে তারা দেশের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে। বিবৃতিতে নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে যতক্ষণ না তারা পরবর্তী নির্দেশ জারি করে। এছাড়া দেশের সকল স্থল, আকাশ ও সমুদ্র সীমান্ত বন্ধ এবং কারফিউ জারি করা হয়েছে।

রাজধানী বিসাউতে নির্বাচন কমিশনের সদর দপ্তর, প্রেসিডেন্ট প্রাসাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশেপাশে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।

গত রবিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো ও প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো ডায়াসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। নির্বাচনের আগেই দু’জনই নিজের জয় দাবি করেছিলেন। নির্বাচনের ফলাফল বৃহস্পতিবার ঘোষণা হওয়ার কথা ছিল।

ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স-২৪কে ফোনে প্রেসিডেন্ট এমবালো জানিয়েছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বর্তমানে তিনি জেনারেল স্টাফ হেডকোয়ার্টারে অবস্থান করছেন। প্রতিবেশী সেনেগাল থেকে আল জাজিরার প্রতিবেদক নিকোলাস হ্যাক জানিয়েছেন, বুধবার বিকেলে এমবালোকে গ্রেপ্তার করা হয়। প্রধান বিরোধী দলের প্রধান ডমিঙ্গোস সিমোয়েস পেরেইরাও গ্রেপ্তার হয়েছেন। অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সেনা কর্মকর্তা ডেনিস এন’কানহা, যিনি প্রেসিডেন্টের গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন, প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছেন।

১৯৭৪ সালে পর্তুগাল থেকে স্বাধীনতা লাভের পর গিনি-বিসাউতে বহু অভ্যুত্থান ও অভ্যুত্থানের চেষ্টা হয়েছে। এবারের নির্বাচনও বিতর্কিত ছিল।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।