খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
গোপালগঞ্জে ডাব পাড়া নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের আটজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সোমবার(৬ সেপ্টেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের নলবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে গওহরডাঙ্গা গ্রামে একটি গাছ থেকে ডাব পাড়তে যায় শ্রীরামকান্দি গ্রামের মশিউর উস্তার ছেলে রোহান উস্তা (২০) ও গওহরডাঙ্গা গ্রামের আকবর আলী খানের ছেলে সুমন খান (১৮)। দুজনের মধ্যে গাছে কে উঠবে, তা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ খবর দুই গ্রামে পৌঁছালে গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামের অন্তত ১৫ জন আহত হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিলে উভয়পক্ষের লোকজন পালিয়ে যায়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবরওয়ালা/এফএস