খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই ২০২৫
গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এনসিপির নেতারা সার্কিট হাউজে অবস্থান নিয়েছেন।
বুধবার (১৬ জুলাই) দুপুরে শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন।
জানা গেছে, এনসিপি নেতারা গোপালগঞ্জে সমাবেশ শেষ করে টেকেরহাট হয়ে মাদারীপুরের উদ্দেশে রওনা দেন। হামলার মুখে তারা ছত্রভঙ্গ হয়ে যান।
শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
এ আগে দুপুর ২টার পর পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির সভা শুরু হয়। তবে সভা শুরুর আগে দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এক দফা হামলার ঘটনা ঘটে।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যদি আজকে বাধা দেওয়া না হতো তাহলে গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য হতো। আমরা এখানে গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি। আমরা এসেছি শান্তি এবং নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে।
তিনি বলেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, আমরা আজকে গোপালগঞ্জ এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচিতে। আমরা এসেছি ভবিষ্যত বাংলাদেশে, এই নতুন বাংলাদেশের গোপালগঞ্জবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে। শান্তি এবং দেশ গড়ার আশ্বাস নিয়ে গোপালগঞ্জ এসেছি।
খবরওয়ালা/এমইউ