ঘণ্টাব্যাপী অবরোধের পর আগারগাঁও মোড় ছাড়লেন শিক্ষার্থীরা

ঘণ্টাব্যাপী অবরোধের পর রাজধানীর আগারগাঁও মোড় থেকে সরে গেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে তারা মোড়টি ‘ব্লকেড’ করেন। এতে সড়কে চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

দাবি আদায়ে ভবিষ্যতে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দুপুর সাড়ে ১২টার পর শিক্ষার্থীরা সড়ক ছাড়েন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আশিক আহমেদ বেলা পৌনে ১টায় বলেন, “প্রকৌশল অধিকার আন্দোলন তিন দফা দাবি নিয়ে মাঠে নেমেছে। তাদের আন্দোলনে হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তাদের দাবির সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করছি। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কৃষি খাতের সমস্যাগুলো সমাধান করা জরুরি।”

শেকৃবি শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:

১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের পদ (উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা বা সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা।

৩. কৃষি বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার সরকারি প্রজ্ঞাপন জারি করা।

এদিকে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমাধারীদের মধ্যে বিরোধ থাকা সত্ত্বেও একই তিন দফা দাবিতে আন্দোলন করছেন দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। গতকাল বুধবার রাজধানীতে তাঁদের আন্দোলনে পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটে। এর পরদিন শিক্ষার্থীরা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।