ঘাটতি পূরণে বাড়ছে ব্যাংক ঋণ, কমছে বৈদেশিক সহায়তা

বাজেট ঘাটতি মোকাবিলায় আগামী ২০২৫-২৬ অর্থবছরে সরকার অভ্যন্তরীণ উৎস, বিশেষ করে ব্যাংক খাতের ওপর আরও বেশি নির্ভর করতে যাচ্ছে।

 এ খাত থেকে নেওয়া হবে ১ লাখ ৪ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে নির্ধারিত ৯৯ হাজার কোটি টাকার চেয়ে ৫ হাজার কোটি টাকা বেশি।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান। বাজেটে ঘাটতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের ঘাটতির সমান।

বাজেট ঘাটতি পূরণে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৯৬ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে এ লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪ হাজার ৬০০ কোটি টাকা, অর্থাৎ বৈদেশিক ঋণ নির্ভরতা তুলনামূলকভাবে কমছে। অন্যদিকে অভ্যন্তরীণ উৎস থেকে মোট ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা, যার মধ্যে ব্যাংকবহির্ভূত খাত থেকে ২১ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ ব্যাহত হতে পারে। এতে করে বিনিয়োগে স্থবিরতা আসার আশঙ্কা রয়েছে, যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রস্তাবিত বাজেটে বৈদেশিক ঋণের হার দাঁড়িয়েছে মোট ঘাটতির ১২ দশমিক ২ শতাংশ, যা চলতি অর্থবছরের ১১ দশমিক ৫ শতাংশের তুলনায় সামান্য বেশি। তবে মোট পরিমাণে বৈদেশিক সহায়তা কমে আসায় বাজেট বাস্তবায়নে অভ্যন্তরীণ উৎসের ওপর সরকারের নির্ভরতা বাড়ছে। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।