ঘুণ্টিঘরে অটোরিকশা ও ড্রাম ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কে ঘুণ্টিঘর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক এবং একজন নারী যাত্রী। অটোরিকশা চালকের নাম বানু মিয়া, তিনি পাঙ্কারছড়া ইউনিয়নের বাসিন্দা। তবে নিহত নারী যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি, এবং পুলিশ তার পরিচয় শনাক্তে কাজ করছে।

স্থানীয়রা জানান, ড্রাম ট্রাকটি ভূরুঙ্গামারী থেকে সোনাহাট স্থলবন্দরের দিকে যাচ্ছিল। অপর দিকে, একটি যাত্রীবাহী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারী যাত্রীর মৃত্যু হয়, এবং হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালকও মারা যান। স্থানীয়রা জানান, এ সময় দুই মাস বয়সী একটি শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, কুড়িগ্রাম থেকে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কের দুপাশে কোনো গাছপালা নেই। তাপদাহের কারণে সড়কটি গরম হয়ে যানবাহনের চাকা ক্ষতিগ্রস্ত করছে, ফলে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। এছাড়া বন্দরের দিকে আসা ট্রাকগুলোর চালকরা প্রায়ই হেলপার বা অদক্ষ হওয়ার কারণে দুর্ঘটনা বেড়ে চলেছে, যা প্রাণঘাতী হয়ে উঠছে।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. আবু সায়েম জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী ঘটনাস্থলেই মারা যান এবং অটোরিকশা চালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।