খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল করেছে যুবলীগ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে নগরের বহদ্দারহাট মোড়ে আট থেকে দশজনের একটি দল মিছিল বের করে।
মিছিলটি স্থায়ী ছিল মাত্র ১ মিনিট ১১ সেকেন্ড। পরে এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন দিদার, আরিফ ও আরেকজন অজ্ঞাতপরিচয় তরুণ। তবে মিছিলের নেতৃত্বে থাকা মোহাম্মদ হানিফ এখনো পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।
ভিডিওতে দেখা গেছে, মিছিলকারীরা একটি ব্যানার বহন করছিলেন যেখানে ঐতিহাসিক মুজিবনগর দিবসের উল্লেখ ছিল। তাঁরা ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ এবং ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’—এমন স্লোগান দিচ্ছিলেন। মিছিলে অংশ নেওয়া সবাই তরুণ বয়সী ছিলেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘ঘটনার পরপরই আমরা অভিযান শুরু করি। এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া জনসমাগম ও মিছিল করার দায়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/আরডি